দিনাজপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।
এই দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
গত ৪ অগাস্ট বলাই বাজারে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজাপুর ও মাজাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং লুটপাট ও বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর শাখার সভাপতি ভোলানাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সত্য ঘোষ, সদস্য সচিব বিধান চক্রবর্তী বাসু, সম্প্রীতি মঞ্চ দিনাজপুর’র আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি লিয়াকত আলী, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসাইন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা হেলাল।
ভোলানাথ ব্যানার্জী বলেন, এই ঘটনায় চিরিরবন্দর উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তার ইন্ধন রয়েছে। তাই প্রশাসনের তদন্তবিশ্বাসযোগ্য হবে না। তাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ইন্ধনকারীসহ হামলা ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশসককে ওই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই তদন্তে কোনো আস্থা নেই বলে জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫১ ঘ
bdnews24