শরীয়তপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সর্দারকে হত্যার পর পুলিশের উপস্থিতিতেই ওই সন্ত্রাসীরা ভাংচুর চালায় বলে স্থানীয়দের অভিযোগ।
তারা বলেছে, হামলাকারীরা র্যাবের পোশাকে আসায় শুরুতে স্থানীয়রা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলেনি। ফলে হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যেতে পেরেছে তারা।
পুলিশের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে নিহতের স্ত্রী ফরিদা বেগমের দাবি, এর পেছনে চাঁদা দাবির বিষয় রয়েছে এবং আওয়ামী লীগ সমর্থক এক শ্রমিক নেতা এতে জড়িত।
বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে খুন হন শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সরদার। তাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন স্ত্রী-ছেলেসহ অন্তত ১৫ জন।
ময়না তদন্ত শেষে শুক্রবার বিকালে মান্নানকে পৌরসভার বাঘিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে মান্নান সরদার বাঘিয়া গ্রামে তার বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। তখন বোমা ফাটিয়ে প্রায় একশ সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়।
মান্নান দৌড়ে ঘরে ঢুকলে সন্ত্রাসীরা বাড়ির দরজা-জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে টেনে বের করে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যার পর চলে যায় বলে জানিয়েছেন নিহতের স্ত্রী ফরিদা।
মান্নানের প্রতিবেশী ফজলু মুন্সি সাংবাদিকদের বলেন, “হামলাকারীরা র্যাবের পোশাক পরে আসে। তারা ঘরে ঢুকে প্রথমে হাত-পায়ের রগ কেটে দেয় মান্নানের। তাকে এলোপাতাড়ি কোপাতে থাকলে স্ত্রী ও ছেলে-মেয়েরা বাধা দেয়। তখন তাদেরও মারধর এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে তারা।
“এরপর মান্নানকে টেনে বের করে ঘরের পেছনের ক্ষেতে নিয়ে কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।”
হামলায় আহত হন মান্নানের স্ত্রী ফরিদা, ছেলে আরমান সরদার, প্রতিবেশী ফজলু মুন্সি, মামুন ছৈয়াল, সোহাগ ছৈয়াল, রুহুল আমিন শেখ, নুর মোহাম্মদ শেখসহ অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্নানের বাড়ির পর একই এলাকার ফজলু মুন্সি, শাহিন মুন্সির ঘর এবং পূর্ব কোটাপাড়া বাজারের আজমত উল্লা সরদার ও আমিনুল ফকিরের দোকানও হামলাকারীরা ভাংচুর করে বলে স্থানীয়রা জানায়।
ওই এলাকার বাসিন্দা তাজুল সরদার সাংবাদিকদের বলেন, “ভাংচুরের সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি।”
এলাকাবাসী বলেছে, গায়ে র্যাবের পোশাক থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তাই কেউ এগিয়ে যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, একটি জমি নিয়ে বাঘিয়া এলাকার ফজলুল হক মুন্সির সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিাদারের বিরোধ ছিল। মান্নানের সঙ্গে সখ্য ছিল ফজলুল হকের।
ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফারুক চৌকিদারের সর্মথক ও ফজলুল হক মুন্সির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই এক পর্যায়ে মান্নান খুন হন বলে স্থানীয়রা জানায়।
ফজলুল হক মুন্সি বলেন, “বাঘিয়া মৌজায় দুই একর জমি (পুকুর) জাল দলিল করে বাস শ্রমিক ইউনিয়নের নেতা ফারুক চৌকিদার দখল করতে চায়। বিষয়টি নিয়ে আমি আদালতে মামলা করি। মামলা করার পর আমাকে মামলা তুলে নিতে হুমকি দেয়।”
ফজলুলের দাবি, এই বিরোধে তার পক্ষ নেওয়ায় মান্নানকে হত্যা করা হয়েছে।
মান্নানের স্ত্রী ফরিদা সাংবাদিকদের বলেন, তার স্বামী ঠিকাদারির কাজ পেয়েছিল। সেজন্য ফারুক চৌকিদার তার কাছে চাঁদা চেয়ে আসছিল।
“ফারুক চৌকিদার ও তার লোকজন চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় র্যাবের পোশাক পরে সন্ত্রাসীরা আমার স্বামীকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে,” বলেন তিনি।
সরকার দলীয় এই নেতার স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।
পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে মান্নানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
হত্যাকাণ্ডের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
মান্নান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সি বলেন, “যারাই এতে জড়িত তাদের শাস্তি দিতে হবে। দুস্কৃতকারীদের সঙ্গে কোনো আপস নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24