২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের ১৭ কর্মকর্তা বরখাস্ত

নিয়ম ভেঙে হলমার্ক গ্রুপকে ঋণ দেওয়ার অভিযোগে ১৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম ভেঙে হলমার্ক গ্রুপকে ঋণ দেওয়ার অভিযোগে ১৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত তার নিজস্ব ক্ষমতাবলে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনালী ব্যাংকের জিএম ও এর নিচের পদের এই ১৭ কর্মকর্তাকে বরখাস্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যবস্থাপনা পরিচালক তার নিজস্ব ক্ষমতাবলে ডিজিএম ও তার নিচের পদের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। তবে এর উপরের পদের কর্মকর্তার বিরুদ্ধ ব্যবস্থা নিতে হলে অর্থ মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হয়। সম্প্রতি সোনালী ব্যাংকের ৩ হাজার ৬০০ কোটি টাকা দুর্নীতির তথ্য বেরিয়ে আসে। নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বলেছে, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে ২০১০-২০১২ সময়ে মোট ৩ হাজার ৫৪৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই আত্মসাৎ করেছে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। এছাড়া এই ব্যাংকের গুলশান ও আগারগাঁও শাখা থেকেও ১৪০ কোটি টাকা করে ঋণ দেওয়া হয়েছে, যা তাদের ঋণসীমার অনেক বেশি। এই ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদেও মধ্যে দুই জন ডিএমডি ও পাঁচ জন জিএম ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২৩২০ ঘ.