২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ

গাজীপুরে বকেয়া বেতন, ওভারটাইম, পরিচয়পত্রসহ বিভিন্ন দাবিতে তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

গাজীপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বকেয়া বেতন, ওভারটাইম, পরিচয়পত্রসহ বিভিন্ন দাবিতে তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সদরের দুটি তৈরি পোশাক কারখানা এবং কালিয়াকৈরের একটি ওষুধ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে বলে পুলিশ জানায়। কারখানা তিনটি হল- সদর উপজেলার বাস চাঁনপাড়া এলাকার পোশাক কারখানা ফাইজা সোয়েটার ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল এপারেলস এবং কালিয়াকৈর উপজেলার সফিপুরের কারলসুরিচালা এলাকার জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শিল্পাঞ্চল পুলিশ জোন-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) চন্দন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, সদরের বাস চাঁনপাড়া এলাকার ফাইজা সোয়েটার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ঈদের আগ থেকেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল। সেময় তাদের কিছু বেতন দেওয়া হয়। বাকী বেতন অগাস্টের ২৭ এবং পরে অগাস্টের ৩০ তারিখ দেওয়ার কথা। বৃহস্পতিবার সকালে গিয়ে কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। বিকেল পৌনে ৫টায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ দেখায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আধঘণ্টা পরে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। পরে তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে। অপরদিকে টঙ্গীতে ক্রিস্টাল এপারেলস এর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। পরে বিকেল ৪টার দিকে কারখানা কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন ত্যাগ করে বলে জানান শিল্প পুলিশের এএসপি। কালিয়াকৈর থানার ওসি ফারুক হোসেন জানান, পরিচয় ও নিয়োগ পত্র প্রদান এবং প্রভিডেন্ড ফান্ড সুবিধাসহ ১৩ দফা দাবিতে কালিয়াকৈর উপজেলার সফিপুরের কারলসুরিচালা এলাকার জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর কারখানার পাঁচশ’ শ্রমিক সকাল থেকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে। “পরে কর্তৃপক্ষ সন্ধ্যায় তাদের সঙ্গে বৈঠকে বসেন।” কারখানার পরিচালক জহিরুল ইসলাম খান জানান, আন্দোলনের প্রেক্ষিতে তাদের পরিচয় ও নিয়োগপত্র প্রদান এবং প্রভিডেন্ড ফান্ড সুবিধাসহ অধিকাংশ দাবি মেনে নিলেও শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৪৩ ঘ.