২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম নেতাদের ঐক্যবদ্ধ হতে বললেন হাসিনা

বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোট নিরপেক্ষ আন্দোলনকে (ন্যাম) আরো শক্তিশালী, কার্যকর করতে নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোট নিরপেক্ষ আন্দোলনকে (ন্যাম) আরো শক্তিশালী, কার্যকর করতে নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেহরানে ওআইসি সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ন্যাম সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, “ন্যামের প্রতিষ্ঠাতারা পারস্পরিক শ্রদ্ধা, সর্বোচ্চ সমতা, ন্যায়বিচার ও আইনের শাসন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। এ লক্ষ্য অর্জনে আমাদের নেতৃবৃন্দকে ন্যামের সামগ্রিক অঙ্গীকারের মূলনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” ন্যামকে সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী ন্যামের প্রতি অভিন্ন ও পৃথক দায়দায়িত্বের নীতির ভিত্তিতে জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরে জলবায়ু তহবিল গঠনের জন্য একটি বৈশ্বিক চুক্তির লক্ষে একযোগে কাজ করার আহবান জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরে হাসিনা বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যামের অবস্থানকে আমরা সমর্থন করি এবং এ সমস্যার মূলোৎপাটনে সব ধরনের সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।” ন্যায় এবং গণতান্ত্রিক ও আর্থ-সামাজিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন এবং অন্যান্য অনুরূপ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিন জনগণের ওপর জুলুম, অবিচার, হত্যা, নির্যাতন ও অমানবিক আচরণের মতো বর্বরতা চালিয়ে যাচ্ছে। চলতি মাসে রামাল¬ায় ফিলিস্তিন সংক্রান্ত ৫ সদস্যের ন্যাম কমিটির মন্ত্রী পর্যায়ের নির্ধারিত বৈঠক অনুষ্ঠানে বাধা দেয়ার জন্য ইসরাইলের নিন্দাও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন।” শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলনের ১৬তম শীর্ষ সম্মেলনের মাধ্যমে সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য ইরানের প্রেসিডেন্টে মাহমুদ আহমদিনেজাদকে আন্তরিক অভিন্দন জানান। তিনি জোটের বিদায়ী চেয়ারপার্সনকেও ধন্যবাবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০২৭ ঘ.