২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মা-শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোণা পূর্বধলায় নিজ ঘর থেকে এক মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণা পূর্বধলায় নিজ ঘর থেকে এক মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পূর্বধলা উপজেলার কুড়িকুনিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- সেলিনা আক্তার (২৫) ও ১১ মাসের শিশু সুমাইয়া আক্তার। সেলিনা ওই গ্রামের জেলে লুৎফুর রহমানের স্ত্রী। পূর্বধলা থানার ওসি মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনের মতো রাতে মাছ ধরা শেষে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লুৎফুর রহমান বাড়ি ফিরে ঘরের দরজা খুলে দেওয়ার জন্য সেলিনাকে ডাকা ডাকি করতে থাকেন। অনেক পরেও দরজা না খোলায় লুৎফুর ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে সেলিনা ও সুমাইয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেলিনার আরেক সন্তান ৫ বছরের ছেলে সাফিউর রহমানকে ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় বলে ওসি জানান। সেলিনার ভাই রফিকুল ইসলামের বরাত দিয়ে ওসি মোশারফ জানান, প্রথম সন্তান সাফিউরের জন্মের পরেই সেলিনা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। মোশারফ বলেন, “সুমাইয়াকে হত্যার পর সেলিনাও নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” ময়নাতদন্তের জন্য লাশ দুটি নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮০০ ঘ.