২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুদ্রাপাচার: বিচারকাজ স্থগিতের আবেদন

আসামিপক্ষের বিচারকাজ স্থগিতের আবেদনের ওপর ২৭ সেপ্টেম্বর শুনানির তারিখ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার বন্ধু গিয়াস আল মামুনের বিরুদ্ধে করা মুদ্রাপাচার মামলার বিচারকাজ স্থগিতের আবেদন করেছে আসামিপক্ষের আইনজীবীরা। ২৭ সেপ্টেম্বর এ আবেদনের ওপর শুনানি হবে। বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইমলাম ও তাহেরুল ইসলাম তৌহিদ এ আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনাস্থল যেহেতু সিঙ্গাপুরের সিটি ব্যাংক সেহেতু এ দেশের কোনো আইনে এ মামলার বিচার চলতে পারে না। এ ছাড়া ঘটনাস্থল দেশের বাইরে হলে মামলা করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হলেও এক্ষেত্রে দুদক তা নেয়নি বলে দাবি করছে আসামিপক্ষের আইনজীবীরা। এ আবেদনের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, বিচার বিলম্বিত করার অপকৌশল হিসাবে হিসেবে এটা করা হয়েছে। মামলার মূল ঘটনাস্থল মোটেও সিঙ্গাপুরের সিটি ব্যাংক নয়। মূল ঘটনাস্থল হচ্ছে সোনালি ব্যাংকের ক্যান্টনমেন্ট থানা শাখা। এদিন গিয়াসউদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় এ পর্যন্ত আদালতে রাষ্ট্রপক্ষে ছয় জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেটি, মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহিম, মামলার নিবন্ধন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরা বেগম, পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আলীমুজ্জামান, কামাল উদ্দিন এবং নির্মাণ কনস্ট্রাকশনের প্রধান খাদিজা ইসলাম। মামলার নথি থেকে জানা গেছে, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হলে গিয়াস উদ্দিন আল মামুন তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার তারেক রহমানের মাধ্যমে কার্যাদেশ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি থেকে টাকা নিয়ে তা বিদেশে পাচার করেন। ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা বিদেশে পাচার করা হয় বলে মামলায় বলা হয়েছে। তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম। গত বছরের ৬ জুলাই এ মামলায় তাদের অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তারেক রহমানকে পলাতক দেখিয়ে গত বছরের ৮ অগাস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিন তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান রয়েছেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছর ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/১৭০৮ ঘ.