রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের অগাস্টের ছাত্র বিক্ষোভের সময় নির্যাতিতদের সংবর্ধনার মধ্য দিয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস’ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিনেট ভবনের পাদদেশ থেকে নির্যাতিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ফের সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নূরুল্লাহর সভাপতিত্বে অগাস্টের ছাত্র বিক্ষোভের স্মৃতিচারণ ও নির্যাতিতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সেই সময়ের কারাবন্দি শিক্ষক আব্দুস সোবহান,
মলয় কুমার ভৌমিক, গোলাম সাব্বির সাত্তার তাপু প্রমুখ।
অধ্যাপক সোবহান বলেন, “সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে যে আন্দোলন করেছিলাম তারই সুফল বর্তমানের গণতান্ত্রিক সরকার।”
বন্দি অবস্থায় নির্যাতনের কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
তিনি বলেন, “আর কোনো দিন যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। শিক্ষক হয়েও আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত সেলে যে নির্যাতনের শিকার হয়েছি তার বিচার আজও করা সম্ভব হয়নি।”
অগাস্টের ছাত্র বিক্ষোভ নিয়ে সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে যে সব সুপারিশ করা হয়েছে সেগুলো অবিলম্বে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ওই সময়ে কারাবন্দি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, “আমাদের ওপর যে সব মামলা আজও রয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।”
স্মৃতিচারণ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অধ্যাপক সাইদুর রহমান (বর্তমানে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত), মলয় কুমার ভৌমিক, চৌধুরী সারওয়ার জাহান, গোলাম সাব্বির সাত্তার তাপু, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস, কর্মকর্তা সাদেকুল ইসলাম, কর্মচারী আতিউর রহমান আতা এবং শিক্ষার্থীদের মধ্যে আব্দুল্লাহ সরকার রনি ও আয়েন উদ্দীনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
২০০৭ সালের ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক সেনা সদস্যের হাতাহাতিকে ঘিরে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। সে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। ২২ অগাস্ট পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ।
ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক, দ্ইু কর্মকর্তা ও ১১ শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ শতাধিক শিক্ষার্থীর নামে চারটি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলা খারিজ হলেও একটি মামলা এখনো রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24