ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় নিজের ঘরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে।
উত্তরখানে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
গুলিবিদ্ধ শামছুন্নাহার চম্পা (৩৫) ও তার মেয়ে জুঁই আক্তারকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের বাসা উত্তরখানের প্রতিবন্ধী গলিতে।
উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তিন/চার যুবক তৃতীয় তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে চম্পার বাসার দরজায় করাঘাত করলে জুঁই দরজা খুলে দেয়। এ সময় তারা এলোপাাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
চম্পার পেটের নিচের অংশে ও ডান হাতে এবং জুঁইয়ের বাম উরুতে গুলি লেগেছে।
হাসপাতালে চম্পা সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে তিনি বাসাবোর ওহাব কলোনিতে থাকার সময় খিলগাঁওয়ের মাদক ব্যবসায়ী মাফিয়া বেগমের সঙ্গে তার স্বামীর বিরোধ হয়।
মাফিয়াই তার লোকজন দিয়ে এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
চম্পা জানিয়েছেন, জুঁই তার গর্ভজাত মেয়ে নয়। ছোট বেলায় ভাইয়ের কাছ থেকে তিনি জুঁইকে দত্তক নিয়েছিলেন।
ঘটনার বিষয়ে ওসি ইউনুস আলী বলেন, “চম্পার স্বামী নুরুল হক মাদক ব্যবসা করতো। সে কারণে গত তিন বছর ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। পূর্ব শত্র“তার জের ধরে মাফিয়ার লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে আমরা ধারণা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24