ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কারসাজির ঘটনায় সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তারা হলেন- ব্যাংকটির মহাব্যাবস্থাপক মীর মহিদুর রহমান ও ননীগোপাল নাথ এবং ব্যাংকের রূপসী বাংলা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মিহির চন্দ্র মজুমদার, কর্মকর্তা সাইদুর রহামান ও মো. ওয়াহিদুজ্জামান।
বুধবার সকালে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক আকতার হামিদ ভুঁইঞা, সহকারী পরিচালক মশিউর রহমান, সহকারী পরিচালক নাজমুস সা’দাত, উপ সহকারী পরিচালক মো. মজিবর রহমান এবং উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন তাদের জিজ্ঞাসাবাদ করেন।
পরে সাইদুর রহমান সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করে বলেন,“অর্থ কেলেঙ্কারিতে আমি যুক্ত নই। আমি স্বল্প বেতনের কর্মচারী, আমার দ্বারা এত বড় কাজ করা সম্ভব নয়।”
এদিন অন্য কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
হলমার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক এই ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
এর আগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমানসহ ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২২১০ ঘ.
bdnews24