গাইবান্ধা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বুধবার জামায়াত ও শিবির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেছে এবং টিয়ার গ্যাস ও শটগানের গুলি ছুড়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশ বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শাহাদৎ বিন নুরুল্লাহ এবং উপজেলা শিবিরের সভাপতি ফারুকুল ইসলাম ওরফে ফররুখকে গ্রেপ্তার করেছে।
আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াত-শিবির একটি মিছিল বের করলে সুন্দরগঞ্জ কলেজ মোড়ে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে তারা এগিয়ে যায় এবং লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে তিন রাউন্ড টিয়ার গ্যাস সেল ও শটগানের ছয় রাউন্ড গুলি ছোড়ে।
সংঘর্ষে আমজাদ হোসেন নামে এক পুলিশ কন্সস্টেবলসহ কয়েকজন পথচারী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.
bdnews24