ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আশ্বাসে তিন পার্বত্য জেলায় ডাকা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহার করেছে বাঙালিদের কয়েকটি সংগঠন।
কর্মসূচি শুরুর ১২ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনসহ চারটি বাঙালি সংগঠনের নেতাদের যৌথভাবে স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন বান্দরবান জেলা সভাপতি হাফিজুর রহমান এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা সভাপতি কামরান ফারুক বলেন, তাদের দাবির বিষয়টি রাঙ্গামাটি জেলা প্রশাসন সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো এবং বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পুলিশ বিভাগ হস্তান্তর বিষয়ে অনুষ্ঠেয় কর্মশালা স্থগিত করার আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদ এবং পুলিশের কর্তৃত্ব জেলা পরিষদের হাতে না দেওয়ার দাবিতে পার্বত্যাঞ্চলের এই বাঙালি সংগঠনগুলোর ডাকে তিন পার্বত্য জেলায় ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয় বুধবার সকালে।
সংগঠনগুলো হল সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।
কর্মসূচি চলাকালে বুধবার তিন জেলায় নৌপথ ও সড়ক পথে কোনো যানবাহন চলাচল করেনি। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24