ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুজ্জামানকে চাপা দেওয়া বাসটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বাসচালক আনোয়ার হোসেনকে (৪০) বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন হেফাজতের আবেদন করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক রুপেশ চন্দ্র বন্দ্য।
মঙ্গলবার রাতে তৌহিদ নিহত হওয়ার পর যে মামলাটি হয়েছে, তা তদন্ত করছেন এই পুলিশ কর্মকর্তা।
মহানগর হাকিম মো. রেজাউল করিম ওই আবেদনের শুনানির পর তিনদিনের হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আরশেদ আলী।
রাজধানী এক্সপ্রেসের চালক আনোয়ারের পক্ষে জামিন আবেদন হলেও তা নাকচ করে আদালত।
শাহবাগ মোড়ে মঙ্গলবার বিকালে বাসের ধাক্কায় আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদ। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় মঙ্গলবার রাতেই শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান। এতে বাসচালক আনোয়ার এবং হেলপার রনিকে আসামি করা হয়।
তৌহিদকে বুধবার কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তার মৃত্যুর প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এদিকে তৌহিদের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে শাহবাগ, কাঁটাবন, নিউ মার্কেট এলাকায় অর্ধশত গাড়ি ভাংচুর করে ছাত্ররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮২১ ঘ.
bdnews24