২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে কর্মী নিতে চায় আল বাদি গ্রুপ

ওমানের নেতৃস্থানীয় ইমারত নির্মাণ প্রতিষ্ঠান আল বাদি গ্রুপ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমানের নেতৃস্থানীয় ইমারত নির্মাণ প্রতিষ্ঠান আল বাদি গ্রুপ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আলী আব্দুল্লাহ আল বাদি বুধবার সচিবালয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান। কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম বন্ধে সরকারের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। ওমানের পার্লামেন্ট সদস্য বাদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছেন। প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, “আল বাদি গ্রুপের ইমারত নির্মাণ প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করতে পারে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আল বাদি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।” বাংলাদেশ থেকে ওমানে কর্মী নিয়োগে অনিয়ম রয়েছে বলে অভিযোগ জানিয়েছে প্রতিনিধি দলটি। এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এসব অনিয়ম বন্ধে কী ধরনের পদক্ষেপ বাংলাদেশ সরকার নিতে পারে, তা তারা জানতে চেয়েছেন। প্রতিনিধি দলটি জানিয়েছে, দেশটিতে কর্মরত বাংলাদেশিদের মাধ্যমে ভিসা নিয়ে কর্মীরা ওমানে যাচ্ছেন। এভাবে কর্মী নিতে কয়েক দফায় ভিসা অনেক হাত-বদল হয়ে খরচ বাড়ছে। ফলে অনেক কর্মী ওমানে গিয়ে চাকরিদাতার কারখানায় যোগ দিয়ে তিন-চার মাস পরই অন্যত্র পালিয়ে যাচ্ছে। এতে নিয়োগকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিচ্ছিন্নভাবে ভিসা না দিয়ে সরাসরি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চাহিদাপত্র দিয়ে ভিসা ইস্যু করতে ওমানের প্রতিনিধিদের বলা হয়েছে বলে জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, “সরকারিভাবে ভিসা ইস্যু হলে কর্মীদের খরচ কম পড়বে। কর্মী পাঠানোর সময় একটি চুক্তি হতে পারে, যাতে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা চাকরিদাতার প্রতিষ্ঠান ছেড়ে যেতে না পারে।” বৈঠকে প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। ওই সফরে বাংলাদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে দেশটির ব্যবসায়ী সংগঠন ও সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানান মন্ত্রী। ওমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে প্রতি মাসে গড়ে ১০ হাজার কর্মী ওমান যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৩৯ ঘ.