শেরপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে বুধবার ১৫১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার বলেন, গোপন সংবাদ পেয়ে দুর্গম পাহাড়ি এলাকায় একটি সুড়ঙ্গের মাটি খুঁড়ে পলিথিনে মোড়া চাইনিজ রাইফেলের তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
পরে এগুলো পুলিশ সুপারের কার্যলয়ে নিয়ে আসা হয় বলে তিনি জানান।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত বছরের ৯ মে থেকে এ পর্যন্ত (২৯ অগাস্ট) এক বছর তিন মাসে সাত দফায় ঝিনাইগাতী সীমান্ত থেকে তিন হাজার ৫৩৭ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, তিনটি মাইন ও রকেট লঞ্চারের তিন রাউন্ড গোলা এবং উলফার বিপুল সংখ্যক বই ও প্রচারপত্রসহ নানা কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৯ ঘ.
bdnews24