২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজ ছাত্রাবাসে আগুন: দায়ী ‘বহিরাগত ছাত্রলীগ’

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় বহিরাগত ছাত্রলীগ সদস্যরা দায়ী বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

সিলেট, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় বহিরাগত ছাত্রলীগ সদস্যরা দায়ী বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকারের কাছে ২শ’ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। এরপর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছাত্রাবাস পোড়ানোর পর বন্ধ হয়ে যাওয়া সিলেট এমসি কলেজ ৫১ দিন পর খুলেছে বুধবার। গত ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়, প্রায় ৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পরদিন থেকে এমসি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক আল হেলাল ভূঞা সাংবাদিকদের বলেন, গত ৮ জুলাই সন্ধ্যায় কলেজ ছাত্রাবাসে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ছাত্রলীগ-শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। তিনি বলেন, “পরে শিবিরকর্মীরা ছাত্রবাসের পেছনে দিয়ে চলে গেলে টিলাগড় এলাকার কিছু বহিরাগত ছাত্রলীগ সদস্য সংঘবদ্ধ হয়ে ছাত্রবাসে এসে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।” এতে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় ৭০টি কক্ষ। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কমিটির সদস্যরা তদন্তকালে পুলিশ, দমকল বাহিনীর সদস্য ছাড়াও দুইজন প্রত্যক্ষ্যদর্শী এবং ২৩ জন ক্ষতিগ্রস্ত ছাত্রের বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন বলে জানান অধ্যাপক হেলাল। তদন্ত প্রতিবেদনে ছাত্রবাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করা হলেও সাংবাদিকদের জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তবে, ঘটনার সময় পুলিশ এবং হোস্টেল তত্ত্বাবধায়কের আবহেলাকেও দায়ী করা হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়, বহিরাগতরা মিছিল নিয়ে আসার সময় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে হয়তো অগ্নিকাণ্ডের ঘটতনা বলে মনে করে তদন্ত কমিটি। কমিটি প্রধান অধ্যাপক আল হেলাল আরো বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, ক্ষতিগ্রস্ত ছাত্রদের ক্ষতিপূরণ দেওয়া, পুড়ে যাওয়া ছাত্রবাসকে অনুরূপভাবে তৈরি করা ও ছাত্রবাসের নিরাপত্তার স্বার্থে সীমানাপ্রাচীর নির্মাণসহ কয়েকটি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এসময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক মো. নেছাওর মিয়া, অধ্যাপক পরাগ কান্তি দে, অধ্যাপক আতাউর রহমান, সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস ও হুমায়ুন কবির চৌধুরী। এ লাগানোর ঘটনায় শাহপরাণ থানায় তিনটি মামলা হয়। কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। এছাড়া জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো দুটি তদন্ত কমিটি গঠন করে। কলেজের গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলেও বাকি দুটি এখনো জমা পড়েনি। এদিকে কলেজ খোলর প্রথমদিন ক্যাম্পাসে ক্লাস হলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.