ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচ আর ডব্লিউ) র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও তাকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জনিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ এ আহ্বান জানায়।
জাতীয় মানবাধিকার কমিশন কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে করা ওই মামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেওয়ার একদিন পর নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই বিবৃতি দিল।
সোমবার এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “লিমনের অধিকার সুরক্ষার জন্য বিচার বিভাগীয় তদন্ত প্রার্থনা করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে।”
কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ আগামী রোববার হাই কোর্টে আবেদনটি দাখিল করবেন বলে জানান তিনি।
র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদার ঈদের দিন বিকালে লিমন ও তার মায়ের ওপর হামলা চালায়। ওই ঘটনায় রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম তাদের মারধর করে ভয়ভীতি দেখান।
এরপর গত ২৩ অগাস্ট লিমনের মা ও ভাইসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ইব্রাহিম হাওলাদার। ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে করা এ মামলায় ইব্রাহিম তার শ্যালক ফোরকান হাওলাদারকে হত্যার অভিযোগ আনেন।
লিমনের ওপর সর্বসাস্প্রতিক হামলা ও সেসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদেরকে র্যাবের কথিত হয়রানির প্রেক্ষাপটে হিউম্যান রাইটস ওয়াচ এই উদ্বেগ প্রকাশ করলো।
মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে হামলাকারীদের সনাক্ত করা হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ‘সহযোগী’ হিসেবে।
এতে আরো বলা হয়, “পুলিশ লিমনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। উপরন্তু তারা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে এবং তাকে র্যাবের কথিত সহযোগীদের হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।”
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারান ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন।
ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব। অন্যদিকে র্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম।
লিমনের মায়ের করা মামলায় র্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অন্যদিকে র্যাবের দুটি মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০১৪ ঘ.
bdnews24