ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার মাধ্যমে শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে গাজীপুরের ভার্গো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কারখানাকে সাত লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার কারখানাটিকে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পরিবেশ অধিদপ্তরের একটি টিম কারখানাটিতে আকস্মিক পরিদর্শনে যায়। এ সময় কারখানার ইটিপি থেকে নির্গত তরল বর্জ্যে আদর্শ মাত্রার চেয়ে কম অক্সিজেন পাওয়া যায়।
এ মাত্রার অক্সিজেন জলজ প্রাণী ও জীববৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ জরিমানা করা হয়েছে।
কারখানার পরিচালক (অপারেশন) ইন্দ্রজিত সরকার ও ব্যবস্থাপক (প্রশাসন) অনুপ কুমার সাহা ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার দায় স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের কারিগরী পরামর্শ চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএল/১৮৫৯ ঘ.
bdnews24