২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ার সহারার জমি অধিগ্রহণ: ৩৩ রিট খারিজ

পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির হাউজিং প্রকল্পের জন্য রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন জোয়ার সাহারা এলাকায় জমি অধিগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ৩৩টি রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির হাউজিং প্রকল্পের জন্য রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন জোয়ার সাহারা এলাকায় জমি অধিগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ৩৩টি রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে একইসঙ্গে আরো দু্টি রিট নিষ্পত্তি হয়েছে। এরফলে ওই জমি অধিগ্রহণ হাই কোর্টের সম্মতি পেল বলে জানিয়েছেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেসুর রহমান। তিনি বলেন, নিষ্পত্তির হওয়া দুটি মামলার একটিতে জমির মালিকানা নেই বলে তথ্যপ্রমাণে উঠে এসেছে। অপরটিতে বাদীপক্ষ আগেই বিবাদীদের অধিকার মেনে নিয়েছেন। বাকিগুলো আদালত খারিজ করে দিয়েছে। আদালতে বিভিন্ন রিটকারীর পক্ষে টি এইচ খান, ড. কামাল হোসেন, আব্দুল বাসেত মজুমদার, কে এম সাইফুদ্দিন আহমেদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ শুনানি করেন। পুলিশের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জানান, আমরা আদালতকে বলেছি, ওই এলাকার ১৬ একরেরও বেশি জমি সরকারি খাস জমি। বাকি জমিও যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই অধিগ্রহণ করা হয়েছে। ৯৮ একর জমি হস্তান্তরও চূড়ান্ত অবস্থায় ছিল। এরপর রিটকারীরা আদালতে এসেছে। তিনি বলেন, এ প্রকল্পটি সেনাবাহিনীর ডিওএইচএস প্রকল্পের মত। পার্থক্য হচ্ছে, পুরো খরচ ওই সমিতির সদস্যরাই বহন করেন। পুলিশের জন্য বাংলাদেশে এ ধরনের প্রকল্প প্রথম হলেও ভারতসহ বিভিন্ন দেশে এ ধরনের প্রকল্প রয়েছে। তিনি জানান, প্রকল্পটিতে মোট ১৪৩ একরেরর কিছু বেশি জমি রয়েছে। এ প্রকল্প নিয়ে আরো ৪টি রিট হয়েছে। সেগুলো আগেই মীমাংসা হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯৩৩ ঘ.