চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিনের চারদিনে জেরা শেষ হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা চতুর্থদিনের মতো তাকে জেরা করেন।
দুপুর একটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেরা শেষে বিচারক সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন বুধবার।
ওইদিন অপর সাক্ষী সার্জেন্ট আলাউদ্দিনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন।
মঙ্গলবার শুরুতেই জেরা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার।
আইনজীবীর এক প্রশ্নের জবাবে সার্জেন্ট হেলাল বলেন, “আমাকে র্যাব দিয়ে অত্যাচার করা, মামলা দেওয়াসহ সবকিছুই তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে আমার অফিসাররা আমাকে জানান।”
২০০৪ সালে ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট হেলাল উদ্দিন সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটি ঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেন সার্জেন্ট হেলাল উদ্দিন ও অপর সার্জেন্ট আলাউদ্দিন।
এদিকে, তদন্ত কর্মকর্তা এবং ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ২৬ এপ্রিল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬১ ধারা এবং ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বাবরের বিরুদ্ধে এবং যেসব অত্যাচারের কথা বলেছেন তা বলেছেন কি না- বাবরের আইনজীবী আবদুস সোবাহান তরফদার তা জানতে চান।
এর উত্তরে সার্জেন্ট হেলাল বলেন, “আদালতে যা বলেছি সব জবানবন্দিতেও একই রকম কথা বলেছি।”
এসময় সার্জেন্ট হেলাল এও দাবি করেন, তিনি সবকিছু বলেছেন কেউ না লিখলে তার কিছু করার নেই।
অপরদিকে র্যাবের ‘নির্যাতনে’ পা ভাঙা এবং ‘মিথ্যা’ মামলা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো মামলা করেছেন কি না- এই প্রশ্নের জবাবে সার্জেন্ট হেলাল জানান, তিনি কোনো মামলা করেননি।
সার্জেন্ট হেলাল উদ্দিনের মতো সার্জেন্ট আলাউদ্দিনও ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র-গোলাবারুদ আটকের ঘটনায় করা মামলায় প্রথম দফায় ২০০৬ সালে সাক্ষ্য দিয়েছিলেন।
ওইসময় তাদের নোয়াখালীর সুধারামপুর থানার একটি অস্ত্র মামলায় আসামি করা হয়। গ্রেপ্তার অবস্থায় ডা-াবেড়ি পরিয়ে হেলালকে ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিতে আনা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24