২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিপন হত্যাকাণ্ডে গ্রেপ্তার নূর রিমান্ডে

রাজধানীর গ্রিন রোডে ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম রিপন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার রফিকুল ইসলাম আলী নূরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর গ্রিন রোডে ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম রিপন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার রফিকুল ইসলাম আলী নূরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহীদুল ইসলাম এ হেফাজতের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার হাসান আরাফাত মঙ্গলবার আলী নূরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত ৫ দিনের হেফাজত মঞ্জুর করেন বলে মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান জানান। গত রোববার সকালে গ্রিন রোডের একটি বাসা থেকে রিপনের হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পরদিন সকালে গাজীপুরের টঙ্গি এলাকা থেকে আলী নূরকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে আলী নূরও সাংবাদিকদের কাছে রিপনকে হত্যার কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/১৮০৩ ঘ.