২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন উন্নয়নের ২ কমিটি একীভূত হচ্ছে

দেশের ইউনিয়ন পর্যায়ের দু’টি উন্নয়ন কমিটিকে একীভূত করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইউনিয়ন পর্যায়ের দু’টি উন্নয়ন কমিটিকে একীভূত করছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি) ও ইউনিয়ন সমন্বয় কমিটির (ইউসিসি) কাজের ধরন এক হওয়ায় কমিটি দুটিকে একীভূত করে ইউসিসি বিলুপ্ত করা হবে। শিগগিরই এ সংক্রান্ত ইউডিসিসির পরিপত্র সংশোধন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ দেশের সব ইউনিয়নে ইউডিসিসি গঠন করতে পরিপত্র জারি করে। আর ২০১০ সালের ২৭ মার্চ পিআরডিপি-২ প্রকল্পের আওতায় ইউসিসি গঠন করা হয়। এত দিন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উভয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। ইউসিসি বিলুপ্ত হলেও এর সদস্য সচিব সমন্বিত ইউডিসিসির সদস্য সচিব হবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ইউসিসিতে ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা (ইউডিও) সদস্য সচিব হিসাবে ছিলেন। আর ইউডিসিসির সদস্য সচিব ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব। ইউনিয়ন পরিষদের সদস্য সচিবের অন্যান্য কাজে যেন সমস্যা না হয় সেজন্য তাকে সমন্বিত ইউডিসিসিতে রাখা হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। সারা দেশে চার হাজার ৫০৩টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে সাতশ ইউনিয়নে ইউডিসিসি গঠন করা হয়েছে। অন্যদিকে পিআরডিপি-২ প্রকল্পের আওতায় দুইশ ইউনিয়নে ইউসিসি গঠন করা হয়। সভায় জানানো হয়, পর্যায়ক্রমে সব ইউনিয়নে সরকার ইউডিসিসি গঠন করবে। কিন্তু পিআরডিপি-২ প্রকল্পের আওতায় আরও সবোর্চ্চ এক হাজার ইউনিয়নে ইউসিসি গঠন করা যেত। ইউসিসিকে বিলুপ্ত করে সমিন্বত ইউডিসিসি বহাল রাখায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) জনবল থেকে ইউডিসিসির সদস্য সচিব নিয়োগ দেওয়া হবে। তিনি এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭৫৪ ঘ.