ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুটি মামলায় ডেসটিনির দুই কর্মকর্তার জামিনের আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার ওই দুই কর্মকর্তা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি ভবানী প্রাসাদ সিংহের বেঞ্চে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা খারিজ করে দেয়।
দুই কর্মকর্তা হলেন- প্রকৌশলী শেখ তৈয়বুর রহমান ও প্রকৌশলী নেপাল চন্দ্র বিশ্বাস।
আদালতে সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আসামি পক্ষে এম আমিন উদ্দিন শুনানি করেন।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জামিন প্রত্যাখ্যাত এই দুই কর্মকর্তা মামলা দুটির আসামি।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে এই দুই মামলা করেন।
মামলা করার দিন বাদিরা সাংবাদিকদের জানান, ট্রি-প্ল্যানটেশন প্রকল্প থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর আলামত পেয়েছেন তারা।
গত ৬ অগাস্ট এ দুই মামলায় ডেসটিনি ২০০০ এর সভাপতি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, মো. হোসেন, মো. গোফরানুল হক ও মো. সাইদ উর রহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২০ হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/১৭৪২ ঘ.
bdnews24