ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজে যাওয়ার টাকা জমা দেওয়া হজযাত্রীদের জন্য একদিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হবে।
বায়তুল মোকাররমে হজের টাকা ও ফরম জমা দেওয়া হজযাত্রীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া একই স্থানে ২ সেপ্টেম্বর প্রশিক্ষণ দেওয়া হবে হজ ক্যাম্প, জেলা প্রশাসকের কার্যালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হজের টাকা ও ফরম জমা দেওয়া হজযাত্রীদের।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের এ প্রশিক্ষণে অংশ নিতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া হজযাত্রীদের একদিনের বিশেষ ভাতাও দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/এসইউ/১৭১১ ঘ.
bdnews24