২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমতলী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মদকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

বরগুনা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মদকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ চিঠিতে বলা হয়, রোববার (২৬ অগাস্ট) থেকে এ বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক বরাবর পাঠানো মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এনামুল কবিরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন শানুকে শূন্য আসন পূরণ না হওয়া পর্যন্ত আর্থিক ক্ষমতা প্রদানেরও আদেশ দেওয়া হয়েছে। গত ৭ মার্চ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে ইউপি চেয়ারম্যানরা অনাস্থা প্রস্তাব দেন। ৫ জুন বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট গ্রহণ করেন। এতে ১৬ সদস্যের মধ্যে ১৫ সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে এবং পৌর মেয়র মতিয়ার রহমান বিপক্ষে ভোট দেন। এই ভোটাভুটির পরিপ্রেক্ষিতে সালাহ উদ্দিন আহম্মদকে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে বরখাস্ত উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, তিনি বরখাস্ত হওয়ার কথা শুনেছেন। তবে লিখিত কোনো চিঠি পাননি। এ ব্যাপারে তিনি আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.