২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

অনিয়ম ও দুর্নীতির দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়াম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও দুর্নীতির দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়াম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এম. কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সোমবার বিকেলে ফ্যাক্সে এসে পৌঁছেছে। “আগামী ৯০ দিনের মধ্যে এখানে উপ-নির্বাচন হবে,” বলেন ইউএনও। ২০০৮ সালে আওয়ামী লীগ সমর্থিত জাহেদুল হক চেয়ারম্যান নির্বাচিত হন । স্থানীয় সরকার বিভাগের চিঠি থেকে জানা যায়, দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চলতি বছরের ২৪ মে জাহেদুল হকের বিরুদ্ধে অনাস্থা আনেন, এবং তার অপসারণ দাবি করে রাজশাহী বিভাগীয় কমিশনারে কাছে আবেদন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়নের চেয়ারম্যানরা। গত ১২ জুলাই রাজশাহী উপ-বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায় এ বিষয়ে তদন্ত করে সত্যতা পান। গত ২৩ জুলাই এক প্রজ্ঞাপনে জাহেদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ সময় দায়িত্ব দেওয়া হয় ভাইস চেয়ারম্যান (প্যানেল-১) খলিলুর রহমানকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গত ২৬ জুলাই উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে আস্থা ভোট হয়। এতে চেয়ারম্যানের পক্ষে একটি ভোট ও বিপক্ষে পড়ে ১৭টি ভোট। এ অবস্থায় উপজেলা চেয়ারম্যান পদে আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে এ সংবাদ পাবার পর জাহেদুল হকের প্রতিপক্ষরা উপজেলা সদরে উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে বলে এলাকাবাসী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৭ ঘ.