ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশ্যে জনবহুল স্থানে (পাবলিক প্লেসে) ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করতে আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১২’ এর খসড়ায় এই নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, খসড়াটি এখন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়াটি আবারো মন্ত্রিসভায় তোলা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত খসড়ায় ‘পাবলিক প্লেসের’ সংজ্ঞা স¤প্রসারিত করে নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান যোগ করা হয়েছে।
নতুন সংজ্ঞায় ‘পাবলিস প্লেস’ বলতে সম্মিলিতভাবে ব্যবহারযোগ্য বিভিন্ন সরকারি, বেসরকারি বা স্বায়ত্বশাসিত সংস্থার স্থান বা ভবনকে বোঝানো হয়েছে।
এর মধ্যে রয়েছে- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণী বিতান, বাজার, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড এবং বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন ও পাবলিক টয়লেট।
এসব স্থানে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের জন্য শাস্তি দেওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ জন্য জরিমানা করতে পারবেন। যে কোনো ভুক্তভোগী নাগরিক এসব অপরাধের জন্য অভিযোগ করতে পারবেন।
পাতা ছাড়াও তামাক ও তামাকজাতীয় গাছের শেকড়, ডাল বা অন্যান্য অংশকেও সংশোধিত আইনে ‘তামাকজাতীয় দ্রব্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিড়ি ও সিগারেট ছাড়াও গুল, জর্দা, খৈনি এবং তামাকের সাদা পাতাও তামাকজাতীয় দ্রব্য হিসেবে গণ্য হবে।
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার করলে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একলাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করার বলা হয়েছে আইনের খসড়ায়। বর্তমানেও এ জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া ও প্রচার নিষিদ্ধ।
তবে ধূমপান বা তামাকজাতীয় দ্রব্য ব্যবহারের জন্য বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গা সংরক্ষণের বিধানও আইনে যুক্ত করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২২৫ ঘ.
bdnews24