কক্সবাজার, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উখিয়ায় পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে গিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করলেও অস্ত্রটি পাওয়া যায়নি।
অভিযানে দুইটি পাইপগান এবং ডাকাতি বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার ইনানি পুলিশ ফাঁড়ির টহল দলের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয় কয়েকজন দুর্বৃত্তরা।
এই অস্ত্র উদ্ধারে শুক্রবার সারারাত উখিয়ার পাহাড়ি চেপটাখালী ও টেকনাফের হোয়াইক্যং এলাকায় এই অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল গ্রামের মো. আনোয়ার হোসেন (২০), মো. মোক্তার (২৩), মো. শাহজাহান (২২) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারিরবিল গ্রামের মো. ইউসুফ (৩৫)।
উখিয়া থানার ওসি পরিদর্শক (তদন্ত) নীলু বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকায় এ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, বুধবার রাতে চেপটাখালী এলাকায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাত ইনানি পুলিশ ফাঁড়ির টহর দলের গাড়ি আটকে হাবিলদার মোয়াজ্জেম হোসেন, কনস্টেবল মানস বড়–য়া ও মিঠুন দাশকে মারধর করে।
এ সময় তারা মানস বড়–য়ার নামে ইস্যু করা একটি শটগান ও দুইটি গুলি ছিনিয়ে নেয়। ওই ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০৩৭ ঘ.
bdnews24