২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণ হত্যার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার প্রতিবাদে সারাদেশের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার প্রতিবাদে সারাদেশের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহ্বানে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বিএমএর মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কর্মবিরতি পালিত হয়েছে।” কর্মবিরতির পাশাপাশি সারাদেশে চিকিৎসকরা মৌন মিছিলও করেন বলে জানান তিনি। অধ্যাপক শারফুদ্দিন বলেন, “আগামীকালও (রোববার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে এবং সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের বটতলা থেকে একটি শোকর‌্যালি বের হবে।” বৃহস্পতিবার ভোরহাতে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য নারায়ণ দত্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএমএ’র চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজম। চট্টগ্রামের ১৪টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও এই কর্মসূচি পালিত হয় বলে তিনি জানান। তবে কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ খোলা ছিল বলে ডা. শফিউল জানান। দেশের অন্য জেলাগুলোতেও চিকিৎসকরাও কর্মবিরতি পালন করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন। শেরপুর জেলা সদর হাসপাতালে কর্মরত সব চিকিৎসকর সিভিল সার্জন মো. মাইনুদ্দিন মিঞার নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতিতে অংশ নেন এবং একটি প্রতিবাদ সভা করেন। সভায় নারায়ণ দত্ত নিতাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চিকিৎসকরা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতালসহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। নারায়ণ দত্তের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিএমএর উদ্যোগে শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৌন মিছিল হয়েছে। মিছিলে মেডিকেল কলেজের শিক্ষক, হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এমডি/কেটি/এইচএএইচ/১৮০০ ঘ.