পিরোজপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর শহরের পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালীবাড়ী সড়কের এক হোটেল মালিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত গোলাম রসূল শেখের (৫৫) বাড়ি কালীবাড়ী সড়কে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ওসি আব্দুল রাজ্জাক মোল্লা জানান, কী কারণে হত্যাকা- হয়েছে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বড় ছেলে জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজরের নামাজ পড়তে উঠে পরিবারের লোকজন নিহতের লাশ পড়ে থাকতে দেখে।
খবর দিলে সকাল পৌনে সাতটায় পুলিশ লাশটি উদ্ধার করে।
হুলারহাটের গ্রামের বাড়ি থেকে মধ্য রাতে গোলাম রসূল সাইকেলে করে কালীবাড়ী সড়কের বাড়িতে ঢোকার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে।
এছাড়াও নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী তিলক ও মিঠুকে থানায় নিয়ে গেছে পুলিশ।
এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৭ ঘ.
bdnews24