ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের দু’টি সংগঠন।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ ও গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বলেন, এ অধ্যাদেশ গ্রামীণ ব্যাংক সদস্যদের জন্য কল্যাণকর।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে সংশোধিত গ্রামীণ ব্যাংক আইন বুধবার অধ্যাদেশ আকারে জারি করে সরকার। বৃহস্পতিবার এটি প্রকাশ হওয়ার পর ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যায়িত করেন।
সংশোধিত অধ্যাদেশ জারির প্রতিক্রিয়ায় নোবেলজয়ী এই বাংলাদেশি এক বিবৃতিতে বলেন, “দিনটি জাতির ইতিহাসে কালো দিবস হিসেবে লেখা থাকবে। আমাদের সরকার নোবেলজয়ী প্রতিষ্ঠানটির স্বাতন্ত্র্য, অর্জন কেড়ে নিচ্ছে।”
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কে এম শহীদুল হক ও নির্যাতিত কর্মী পরিষদের মহাসচিব মো. মজিবুর রহমান বলেন, “সরকারি অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকের অব্যাহতিপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আজ্ঞাবহ অল্প শিক্ষিত নারী পরিচালকদের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের আইন-কানুন পরিবর্তন করেন।”
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গিয়েও বাধ্য হয়ে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক ত্যাগ করলেও তিনি দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন।
“এ অবস্থায় দীর্ঘ সোয়া এক বছরের গ্রামীণ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে এমডি নিয়োগের প্রক্রিয়া সহজ করায় তা অত্যন্ত বাস্তবসম্মত হয়েছে।”
তবে বৃহস্পতিবার বিবৃতিতে ইউনূস দাবি করেন, এই সংশোধনীর ফলে গ্রামীণ ব্যাংক সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে পরিচালিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/২২২১ ঘ.
bdnews24