মুন্সীগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রসূতির পেটে সন্তান রেখে সেলাই করায় শুক্রবার মুন্সীগঞ্জে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
ডা. নাসিমা আক্তার মুন্নী জেলা শহরের আধুনিক হাসপাতাল প্রা. লিমিটেডে এ অপারেশন করেন।
ডা. নাসিমা সাংবাদিকদের বলেন, হাসপাতালে সন্ধ্যায় প্রসূতির সিজার করে দেখতে পান মেয়ে শিশুটি মৃত এবং জরায়ুর ফুল ছিঁড়ে গেছে।
“তাই মৃত শিশুটি বের না করেই পেট সেলাই করে ঢাকায় রেফার্ড করা হয়েছে,” বলেন তিনি।
এই ঘটনায় প্রসুতির এই মামা ফখরুদ্দিন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় অভিযোগ করেছেন।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি এখন মৃতপ্রায় বলে জানান ফখরুদ্দিন আহম্মেদ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। অবহেলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চিকিৎসককে আটক করে থানায় আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24