কুমিল্লা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দৈনিক যুগান্তরের সম্পাদক সালমা ইসলামসহ তিনজনের বিরুদ্ধে বুধবার মানহানির মামলা হয়েছে কুমিল্লার একটি আদালতে।
কুমিল্লার দেবিদ্বার পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন জেলার বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।
অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম অম্লান কুমার জিষ্ণু মামলাটি গ্রহণ করে আদেশের জন্য আগামী ২৭ অগাস্ট দিন ধার্য করেছেন।
মামলার অপর দুই আসামি হলেন পত্রিকাটির নির্বাহী স¤পাদক সাইফুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি আমির হোসেন আমু।
মামলার নথি থেকে জানা যায়, শুক্রবার (১৭ অগাস্ট) দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগ নেতার কাণ্ড- দেবিদ্বারে উদ্বোধনের আগেই ধসে পড়েছে কমিউনিটি সেন্টার’ শিরোনামে সংবাদ প্রকশিত হওয়ায় বাদীর সম্মান ক্ষুন্ন হয়েছে।
প্রকৃত পক্ষে বাদী কমিউনিটি সেন্টার নির্মাণ কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এই নির্মাণ কাজটি করেছে কুমিল্লা নগরীর ঝাউতলার মেসার্স জাকির এন্টারপ্রাইজ।
মামলায় আরো বলা হয়, বাদী বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নন।
বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করে এ মিথ্যা, কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করায় বাদীর ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয় মামলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24