২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বন্ধের পর সচল বেনাপোল বন্দর

জাতীয় শোক দিবস, শবে কদর ও ঈদুল ফিতরে টানা সাতদিন বন্ধের পর বুধবার বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

বেনাপোল, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস, শবে কদর ও ঈদুল ফিতরে টানা সাতদিন বন্ধের পর বুধবার বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। সকালে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। তবে, সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এখনো না ফেরায় কাজ চলছে ধীর গতিতে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাজমুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ২৪৮টি ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করেছে এবং ভারতে গেছে ১৩৯টি ট্রাক। এদিকে, বিকাল ৪টার দিকে ভারতীয় এক ট্রাক চালককে মারধরের ঘটনায় কিছু সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পরে আবার চালু হয়। দীর্ঘদিন পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন ব্যাপক পণ্যজট সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান। বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববারের আগে বন্দরে স্বাভাবিক গতি ফিরে আসবে না। আজ (বুধবার) খোলা থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় আমদানি- রপ্তানির গতি কিছুটা ব্যাহত হয়েছে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ ছুটি থাকায় বন্দরে আমদানি পণ্যের চাপে পণ্যজট বাধার সম্ভাবনা রয়েছে। এ কারণে বন্দর হ্যান্ডলিংক শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মাসুদ সাদিক বলেন, দ্রুত পণ্য খালাস করার জন্য কাস্টমসের সব বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস, পবিত্র শবে কদর এবং ঈদুল ফিতরে ১৫ অগাস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত সাতদিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.