আবু সুফিয়ান ও কামাল হোসেন তালুকদার
ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।
ঈদের ছুটির পর বুধবার রাজধানীর সড়কগুলোতে ফাঁকা ফাঁকা ভাব থাকলেও বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে বেশ ভিড় দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লি¬উটিএ) ট্রাফিক ইন্সপেক্টর মো. মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে ৫০টি লঞ্চ এসেছে। আর ঢাকা ছেড়ে গেছে মাত্র ১২টি লঞ্চ।
তিনি বলেন, “লঞ্চগুলো যাত্রী বোঝাই গেলেও আসার পরিমাণ স্বাভাবিক। তবে দু’একদিন পর ঢাকায় আসার যাত্রীর চাপ বেড়ে যাবে।”
এবার ঈদুল ফিতরের আগে জাতীয় শোক দিবস এবং শবে কদরের ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। দীর্ঘ ছুটি পেয়ে অনেকেই গেছেন বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে।
মঙ্গলবার ছিল ছুটির শেষ দিন। বুধবার অফিস-আদালত খুললেও উপস্থিতি ছিল কম। ধারণা করা হচ্ছে, রাজধানী তার চেনা রূপে ফিরতে রোববার পর্যন্ত লেগে যাবে।
চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের যাত্রী মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল বাড়িতে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি তাই ছুটি পাই না। ঈদের আগের দিন গেলাম আর একদিন পর চলে এলাম।”
বরিশাল থেকে ঢাকায় আসা পারাবাত-২ লঞ্চের যাত্রী মো. সোহাগ বলেন, “১৪ অগাস্ট বাড়িতে গিয়েছিলাম। আজ ফিরে এলাম। কিন্তু তবুও মন ভরছেনা। আরো কয়েকটা দিন থাকতে পারলে ভালো হত।”
পটুয়াখালী থেকে সুন্দরবন-৬ লঞ্চে ফিরেছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আরেফিন সবুজ ও তার পরিবার। লঞ্চের সামনে দাঁড়িয়ে সবুজের পাঁচ বছরের ছেলে ইমন কাঁদছিল। কান্নার কারণ জানতে চাইলে সবুজ বলেন, দাদুর জন্য তার মন খারাপ।
“ইমন আসতে চায়নি। অনেক কষ্ট করে ভুলিয়ে বেড়ানো কথা বলে এনেছি। কিন্তু সদরঘাট দেখে বুঝে ফেলেছে যে, আমরা ঢাকায় ফিরে এসেছি। তাই কান্না শুরু করে দিয়েছে,” বলেন ইমনের বাবা।
বাংলাদেশ রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) এম সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৪টি ট্রেন এসেছে।
সায়েদাবাদে ইলিশ পরিবহনের ব্যবস্থাপক নুরুল ইসলাম নুরু বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকমকে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী আসতে শুরু করেছে। তবে যাত্রীর চাপ আগামী শনি ও রোববার বেড়ে যাবে।
মাগুরা থেকে সকালে গাবতলী এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার জামাল উদ্দিন।
তিনি বলেন, “বাবা-মা’র সঙ্গে ঈদের আনন্দ শেষে ঢাকায় ফিরতে মন চাচ্ছিল না। কখনো চায়ও না, কিন্তু, ঢাকায় চাকরি করি। এখন এটাই আমাদের ঘর।”
রাজবাড়ী থেকে ফেরা রায়হান আলম বলেন, “বাড়ি থেকে ফিরতে কার ভালো লাগে? কিন্তু কয়েকটা টিউশনি করি। তাই ফিরতে বাধ্য হলাম।”
ঢাকায় ফিরতে বা টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আগেই টিকেট কাটা ছিলো, তাই সমস্যা হয়নি।
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টার কর্মচারী সামসুল আলম বলেন, যারা আগেই ঢাকায় ফেরার টিকিট কেটেছিলেন তাদের কোনো ভোগান্তি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কেটি/আরএ/এমআই/১৭১৫ ঘ.
bdnews24