নারায়ণগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে কাশীপুর এলাকার এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঈদ উপলক্ষে সদর উপজেলার বাবুরাইল আমবাগান হাইক্কার মাঠ এলাকায় আনন্দ উৎসব চলাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে দুই শিশুর মধ্যে হাতাহাতি হয়।
এ ঘটনায় একপক্ষে তরিকুল ও অপর পক্ষে আরাফাত অবস্থান নেয়। তরিকুলের পক্ষ আরাফাতকে বেদম প্রহার করে। খবর পেয়ে আরাফাতের লোকজন তরিকুলদের বাসায় হামলা চালানোর চেষ্টা করে।
ঘটনাটি পাশের কাশীপুর বাংলাবাজার এলাকায় ছড়িয়ে পড়লে দুই মহল্লার যুবকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১৬ ঘ.
bdnews24