২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১, ঘরে আগুন

আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

গোপালগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা প্রতিপক্ষের ১৫টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত আকফার মোল্লা (৫০) ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বারেক ওরফে গেদু মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ইনজাহের মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধুমতি নদীর পাড়ের একটি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঘোষেরচর গ্রামের সেলিম মোল্লার ছেলে রনি মোল্লাকে (১৮) সপ্তাহ দুই আগে পিটুনি দেয় প্রতিবেশী ইদ্রিস শেখের ছেলে কুটি শেখ (১৭)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, “এর জের ধরেই মঙ্গলবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আকফার মোল্লা গুরুতর আহত হন।” খুলনা হাসপাতালে নেওয়ার পথে আকফার মারা গেলে তার এলাকার বিক্ষুদ্ধ লোকজন বিকালে প্রতিপক্ষের অন্তত ১৫টি বাড়িতে আগুন দেয়। এ সময় দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ালে অন্তত ২০ জন আহত হয় বলে জানান ওসি। আহত সাঈদ মোল্লা (৩৫), উজ্জ্বল মোল্লা (৩৬), সোহেল মোল্লা (২০) ও জুয়েল মোল্লাকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইনজাহের মোল্লা (৫৫), বেলাত মোল্লা (৬২), ওহিদ মোল্লা (৪০), মাহাবুব মোল্লা (৩০), শাহজাহান মোল্লা (৪৫), আহম্মদ মোল্লাসহ (৩৫) ১৪ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, এলাকায় টানটান উত্তেজনা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৪৪ ঘ.