নওগাঁ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুদের সঙ্গে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় নওগাঁয় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় শহরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন চৌধুরী (২০) নওগাঁ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি শহরের ডাবপট্টি এলাকার মনিরুল ইসলাম চৌধুরীর ছেলে।
সদর থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, “শহরের বাইপাস সড়কে বন্ধুদের সঙ্গে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল রাজিব। তখন নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার মোটর সাইকেলের। এতে গুরুতর আহত হয় সে।”
রাজিবকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
তবে রাজশাহীতে নেওয়ার পথে রাত সাড়ে ১২টায় রাজিবের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৯ ঘ.
bdnews24