কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন সকালেও ঢাকা ছেড়েছে কেউ কেউ যাদের বেশিরভাগই দোকান কর্মচারী। ঈদের আগের দিন গভীর রাত পর্যন্ত কাজ করে সকালে বাড়ির পথ ধরেন তারা।
সোমবার সকালে সদরঘাট গিয়ে দেখা মিলল দোকানকমী গিয়াসউদ্দিন, রাইসু, পুলক ও জব্বারের। তারা যাবেন চাঁদপুর ও শরীয়তপুরে। রোববার গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকায় তারা বাবা-মা ও স্বজনদের কাছে ঈদের আগে যেতে পারেননি।
গিয়াস বলেন, “দুঃখ নাই, জীবনের প্রয়োজনেইতো ছিলাম ঢাকায়। আজ (ঈদের দিন) আরামে যেতে পারবো, কোন ভিড় নাই।”
রাজধানীতে ঈদের দিনে বাড়ি ফেরার জন্য সদরঘাটে যাত্রী হিসেবে এসেছে এই দোকানকর্মীরাই। বিকালের দিকে আরও কিছু যাত্রী দেখা গেছে ঘাটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি¬উটিএ) ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চারটি লঞ্চ দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যায়। বিকালে ছাড়ে আরও ৮টি লঞ্চ।
বঙ্গবাজার এক দোকানের কর্মচারী গিয়াস উদ্দিন সুরেস্বর লঞ্চে করে শরীয়তপুরে যাবেন। ঈদের দিনে কেন যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, সোমবার ভোর পর্যন্ত দোকান খোলা ছিলো। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া যায় না।
কেরানীগঞ্জের মান্দাইলে এক বাসায় কাজ করা হালিমা বেগম (৫০) বলেন, যাকাত ও ফিতরা পাওয়ার জন্য গ্রামের বাড়ি বরিশালে যাননি। যাকাত ও ফিতরা পেয়েছেন। তাই তিনি বাড়ি যাচ্ছেন।
লঞ্চে কিছু মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেলেও কমলাপুর ট্রেন স্টেশনে ছিল ফাঁকা।
বাংলাদেশ রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) এম সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনে কোনো ট্রেন না ছাড়লেও এ পর্যন্ত চারটি ট্রেন কামলাপুরে যাত্রী নিয়ে এসেছেন। রাতে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের উদ্দেশ্যে তিনটি ট্রেন ছাড়া হবে।
সায়েদাবাদে ইলিশ পরিবহনের ব্যবস্থাপক নুরুল ইসলাম নুরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টার্মিনালে যাত্রী তেমন একটা দেখা যাচ্ছে না। কয়েকজন যাত্রী জমলে দু’একটা করে বাস ছাড়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২২০৯ ঘ.
bdnews24