ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাস সিয়াম সাধনার পর সোমবার আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমান স¤প্রদায়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবারের মত এবারও দেশের বৃহত্তম ঈদ জামাতটি হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর ঢাকায় ঈদের প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।
রাজধানীতে ভোর থেকে বৃষ্টি হলেও দলে দলে মুসল্লিরা যোগ দিয়েছেন ঈদের নামাজে।
বরাবরের মতো এবারো রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঈদের সকালে বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করেছেন ইস্কাটনের লেডিস ক্লাবে।
সোমবার সকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বনানি-ঢাকা গেইট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপগুলো সাজানো হয় জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লিখিত ব্যানার ও ফেস্টুন দিয়ে। রাতে কিছু সরকারি ভবনে আলোকসজ্জারও আয়োজন করা হয়।
তবে সারাদিনই থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তায় সাধারণ মানুষের ঈদ উচ্ছ্বস দেখা গেছে অন্য বছরের চেয়ে কম।
ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করছে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো ইতোমধ্যে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা।
ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।
সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশু পার্কে ঈদে বিনা টিকেটে প্রবেশ করতে পেরেছে সুবিধাবঞ্চিত শিশুরা। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিনা টিকিটে ঢাকা জাদুঘর দেখার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এবার ৩০টি রোজা পালন করেছেন। শনিবার কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।
ঈদ জামাত
ঢাকায় এবার ঈদের প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় এখানেই ঈদের জামাতে অংশ নেন। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টার ঈদের জামাত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার নগরের ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতেই চারটি করে মোট ২২৪টি জায়গায় ঈদের জামাত হচ্ছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত হয় এসব জামাত।
শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সকালে বঙ্গভবনে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জাতীয় সংসদের স্পিকার, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও উচ্চপদস্ত সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষ ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন গণভবনে। পরে তিনি সাংবাদিকদের বলেন, “এইবার ঈদে আমি এতোটুকু দাবি করতে পারি যে, সকলে উৎসাহের সাথে ঈদ উদযাপন করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল। সকলে অনেক রাত পর্যন্ত কেনাকাটা করেছে। আমরা জিনিসপত্রের দাম কমাতে সক্ষম হয়েছি। দাম বাড়েনি। সকল জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে ছিল। আমরা জানতে পেরেছি, এবার প্রচুর ব্যবসা বাণিজ্য হয়েছে।”
“আনন্দ উৎসবের মধ্যে যাতে সবাই ঈদ পালন করতে পারে সেটাই চাই”, যোগ করেন শেখ হাসিনা।
তবে ঈদের মধ্যেও সারা দেশের মানুষ ভাল নেই মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় ঈদের জামাত পড়তে গিয়েও মানুষ খুন হচ্ছে।
সোমবার দুপুরে ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, “আসুন, অনেক কষ্ট করেছেন, অনেকে চোখের পানি ফেলেছেন, এখন আর নয়। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি।”
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।”
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।”
বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, “ঈদের উৎসব ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও স¤প্রীতির চেতনা দান করে।’’
তারা মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউএম/এসএম/জেকে/১৯১৫ ঘ.
bdnews24