আবুল হোসেন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর, আগষ্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বাবার কবর ছুঁয়ে দেখলো নিষাদ-নিনিত। দুই ছেলে আর স্বজনদের সঙ্গে নুহাশ পল্লীতেই ঈদ করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
রোববার রাতে শাওনের সঙ্গে তার মা সংসদ সদস্য তহুরা আলী, বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও দুই বোন নুহাশ পল্লীতে আসেন। সঙ্গে ছিলেন অন্য প্রকাশের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম ও তার স্ত্রী সন্তানরাও।
সোমবার সকালে সেমাই খেয়ে নানার সঙ্গে স্থানীয় পিরুজালী শহর উল্লাহ মন্ডল জামে মসজিদে ঈদের নামাজ পড়তে যায় নিষাদ ও নিনিত। গতবারের মতো এবারও তাদের পরনে ছিল নীল পাঞ্জাবি। নাতিদের সঙ্গে মিল রেখে নানা মোহাম্মদ আলীও নীল পাঞ্জাবি পড়েন।
নিষাদ-নিনিত নামাজ থেকে ফেরার পর সকাল সাড়ে ৯টার দিকে শাওন তাদের হুমায়ূন আহমেদের কবরে নিয়ে যান।
শাওন বলেন, “ঈদের দিন নুহাশ পল্লীতে থাকলে বাচ্চাদের ভাল লাগবে। ওদের বাবার আত্মা খুশি হবে। তাই নুহাশ পল্লীতেই ঈদ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার দুই ছেলে বাবাকে না পেলেও তার কাছাকাছি থেকে ঈদ করতে পারলো, এটাই আমাদের চাওয়া ছিল।”
ঈদের দিন রাতেই শাওন ঢাকায় ফিরে যাবেন।
গত ১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২৪ জুলাই নুহাশ পল্লীতে তাকে দাফন করা হয়।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, ২৮ অগাস্ট পর্যন্ত নুহাশপল্লী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৭২৯ ঘ.
bdnews24