সুনামগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে ঈদের জামাত নিয়ে জাকের পার্টি এবং ইমাম-মোয়াজ্জিন পরিষদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান, শহরের কাজিরপয়েন্ট এলাকায় রোববার রাত সাড়ে ১০ থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ থামাতে টিয়ারশেল ছুড়তে হয়েছে পুলিশকে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও শহরের বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটরশির পিরের অনুসারী ও জাকের পার্টির কর্মীরা রোববার বিকাল থেকে শহরের কাজিরপয়েন্ট এলাকার লতিফা কমিউনটি সেন্টারে অবস্থান নিয়ে ঈদ জামাতের প্রস্তুতি নেয়। সন্ধ্যার পর এ খবর শহরে ছড়িয়ে পড়লে ইমাম-মোয়াজ্জিন পরিষদ বিক্ষোভ মিছিল বের করে।
রাত সাড়ে ১০টার দিকে ইমাম-মোয়াজ্জিন পরিষদের একটি মিছিল লতিফা কমিউনটি সেন্টারের সামনে গেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘষ বাঁধে। এ সময় ইমাম-মোয়াজ্জিন পরিষদের সমর্থকরা একটি মোটর সাইকেল ও শতাধিক প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়।
পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্তিতি শান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১২ ঘ.
bdnews24