ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাতের আয়োজনের সব প্রস্তুতি শেষ।
কোথাও কোথাও বৃষ্টির কথা মাথায় রেখে বিকল্প স্থানেও ঈদ জামাতের ব্যবস্থা করে রেখেছেন কর্তৃপক্ষ। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।
সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী। একই স্থানে সকাল সোয়া নয়টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।
সকাল নয়টায় লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে লালদীঘি জামে মসজিদের ঈদ জামাত।
এদিকে, কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে।
বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আবু নোমান এতে ইমামতি করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. মো. করিম।
ইতিমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি।
নগরীতে এবার ঈদ উল ফিতরের মোট ২৩১টি জামাত অনুষ্ঠিত হবে। তারমধ্যে ১৩৮টি অনুষ্ঠিত হবে সিসিসি’র অধীনে আর কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির অধীনে ৯৩টি।
এছাড়া নগীরর বিভিন্ন ঈদগাহ ময়দানে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট : প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক সিলেট শাহী ঈদগাহে, সকাল ৮টায়।
জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা হাফিজ আব্দুল করিম বীন মুশাহীদ।
সিলেটের উল্লেখযোগ্য ঈদের জামাতগুলোর মধ্যে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৯টায়, হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৯টায় ও ১০টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগীয় সদর দপ্তর মাঠে (আলমপুর-দক্ষিণ সুরমা) সকাল সোয়া ৮টায়, সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে সকাল ৮টায়, সিলেট পুলিশ লাইনস মাঠে সকাল ৯টায় ও সকাল পৌনে ১০টায় দুটি, কাজিরবাজার মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর সব ঈদগাহ ময়দান ও বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল : সকাল সাড়ে আটটায় নগরীতে ঈদের প্রধান জামাত হবে বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে।
প্রধান জামায়াতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব আলহাজ শরফউদ্দিন বেগ।
নগরীর গৃর্জ্জা মহল্লায় জামে কশাই মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
চকবাজারের জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামায়াত হবে।
অশ্বিনী কুমার হল চত্বরের জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টা এবং ১০টায় দুইটি জামাত হবে।
পুলিশ লাইন জামে মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৯টায়।
গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং একই সময়ে হবে চরমোনাইতে ঈদ জামাত হবে।
রাজশাহী : নগরীতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
তবে আবহাওয়া বিরূপ থাকলে একই সময় প্রধান জামাত শাহমখদুম দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর উপ-পরিচালক সাইফুল ইসলাম।
তিনি জানান, ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে মহানগর টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়।
তৃতীয় জামাত মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল আটটায় নগরীর কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
নগরীর অন্যন্য জামাতের মধ্যে উপশহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় মাঠে সকাল আটটায়, রাজশাহী বিশ্বদ্যিালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদে সাড়ে আটটায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকাল সাড়ে আটটায়, সুলতানাবাদ মসজিদ কমপ্লেক্সে সকাল সোয়া আটটায়, হেতেম খাঁ বড় মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে নয়টায়, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায়, লক্ষীপুর শাহী জামে মসজিদে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে।
খুলনা: ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া খারাপ থাকলে সকাল আটটায়, সকাল নয়টায় এবং সকাল ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
বসুপাড়া ঈদগাহ, খালিশপুর ঈদগাহ এবং লায়ন্স স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠানের সময় নির্ধারণ করবে।
রংপুর : ঈদের প্রধান জামাত সকাল ৯টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। একই সময় মুন্সিপাড়া ঈদগাহ মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সকাল ৯টায় কামাল কাছনা জামে মসজিদ, রংপুর জেলা স্কুল ঈদগাহ মাঠ, ক্যান্টনমেন্ট গেরিসন মসজিদ, বিজিবি জামে মসজিদ, রবার্টসনগঞ্জ ঈদগাহ মাঠ, দামোদরপুর বড় ময়দান, আলমনগর পীরপুর, জুম্মাপাড়া, গুপ্তপাড়া, মাহিগঞ্জ, খাসবাগ, নব্দিগঞ্জ ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহী : নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
সকালে সাড়ে ৮টায় দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে।
এছাড়া তৃতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সাহেব বাজার বড়ো রাস্তায়।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/সিএম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24