জামালপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় ডোবা থেকে রোববার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাসলিমা বেগম (২২) উপজেলার মালিরচর মণ্ডলপাড়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী এবং টালিয়াপাড়া গ্রামের আছির আলীর মেয়ে।
হত্যায় জড়িত অভিযোগে গ্রামবাসী তাসলিমার শাশুড়িকে আটক করে পুলিশে দিয়েছে।
বকশিগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পাট ধোয়ার সময় শ্রমিকরা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় গ্রামবাসী তার শাশুড়ি মিনারা বেগমকে আটক করে পুলিশে দিয়েছে। তবে এরপর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
তাসলিমাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের বড়ভাই মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। যৌতুক পেয়ে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ডোবায় পঁচানো পাটের নিচে লুকিয়ে রাখা হয়।
তিনি বলেন, দুই বছর আগে তাসলিমার সঙ্গে মণ্ডলপাড়ার মাক্কু মিয়ার ছেলে মাসুদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাসুদ ও তার মা যৌতুকের দাবিতে প্রায়ই তাসলিমার উপর নির্যাতন করত। এ পর্যন্ত মাসুদকে ৩০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছে।
সর্বশেষ ঈদের আগে ১০ হাজার টাকা দিতে অপরগতা প্রকাশ করে তাসলিমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24