মাদারীপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেয়ে শনিবার মাদারীপুর সদরে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত সমাপ্তি মন্ডল (১৯) সদর উপজেলার মস্তফাপুর গ্রামের অনুকূল চন্দ্র মন্ডলের মেয়ে এবং সরকারি নাজিমউদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী।
মাদারীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা মাসুদউদ্দিন খান মেয়েটির পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে আদালতে গিয়ে বিয়ে করে সমাপ্তি এবং তাদের প্রতিবেশী নেপাল সাহা। কিন্তু বিষয়টি তারা কাউকে জানায়নি।
এদিকে পারিবারিকভাবে সমাপ্তিকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে বৃহস্পতিবার (১৬ অগাস্ট) সমাপ্তি তার সিঁথিতে সিঁদুর দিয়ে নেপাল সাহার বাড়ি যায়। কিন্তু নেপাল তাদের বিয়ের বিষয়টি অস্বীকার করে।
ওই সময় নেপালের বাবা-মাসহ স্বজনরা সমাপ্তিকে মারধর করে।
সমাপ্তির বাবা অনুকূল চন্দ্র মন্ডল বলেন, অপমান সহ্য করতে না পেরে শনিবার বাড়ির শৌচাগারে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে সমাপ্তি।
“বৃহস্পতিবার পাত্র ঠিক করার উদ্যোগ নিলে আমরা জানতে পারি দুই বছর আগে সমাপ্তি ও নেপাল কোর্ট ম্যারেজ করেছিল,” বলেন অনুকূল।
মাদারীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24