ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোববার ঈদ উদযাপন করবে চাঁদপুরের ৩০ গ্রামের বাসিন্দারা।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার ৫ উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ বহু বছর ধরে আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। তারা রোজাও শুরু করেছেন একদিন আগে।
“শনিবার আমাদের ৩০ রোজা পূর্ণ হচ্ছে। শুক্রবার আরব বিশ্বে চাঁদ দেখা না যাওয়ায় রোববার আমাদের এখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।”
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল¬া, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামে রোববার ঈদ উদযাপন করা হবে বলে জানান তিনি।
মাওলানা আবু জোফার বলেন, “ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাদ্রা হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় ঈদের জামায়াত হবে। এলাকায় মাইকিং করে নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪১৫ ঘ.
bdnews24