ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজেন্দ্রপুর রাজহালট এলাকায় এ দুর্ঘটনায় আহত হন আরো চারজন।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মো. আলামিন (৩৮) ও মো. শাহীন (২৫)। আহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি আটোরিকশায় করে চালকসহ ছয়জন মাওয়ার দিকে যাচ্ছিলেন। রাজেন্দ্রপুর রাজহালট এলাকায় বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আলামিন ও শাহীন ঘটনাস্থলেই নিহত হন।
ওসি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোলা পরিবহনের বাসচালক নজরুল ইসলামকে পুলিশ আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24