গাইবান্ধা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঈদে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য দেয়া ভিজিএফের ৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাকাই হাটের তিন ব্যবসায়ীর গুদাম থেকে র্যাব সদস্যরা এসব চাল উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নেতৃত্বে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকাই হাটের সাজু মিয়া, আজাদুল ইসলাম ও রাজা মিয়ার গুদামে তল্লাশি চালিয়ে ৯৮ বস্তা চাল উদ্ধার করে। এসময় ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব করা হয়নি।
ঈদে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য বিশেষ ভিজিএফের এই চাল নাকাই ইউনিয়নের চেয়ারম্যান ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন বলে দাবি করেন ইউএনও।
তবে নাকাই ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুল নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার হওয়া ভিজিএফের এসব চালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দুঃস্থরা চাল পাওয়ার পর ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৫২ ঘ.
bdnews24