কামাল হোসেন তালুকদার, মামুনূর রশীদ, আশিক হোসেন ও সালাহউদ্দিন প্রীতম
ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষজন আগেভাগে ঢাকা ছাড়ায় বাস টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের ভিড় নেই বললেই চলে। টিকিটও মিলছে। লঞ্চ টার্মিনালে যাত্রী থাকলেও তেমন চাপ নেই।
বৃহস্পতিবার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাটে লঞ্চ টার্মিনাল ঘুরে এ চিত্র পাওয়া গেছে। অন্যদিকে ট্রেনে ভিড় থাকার পাশাপাশি রাজশাহীর দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলেল ট্রেন চলাচলের সূচি ধরে রাখতে হিমশিম খেতে হয়েছে রেল কর্তৃপক্ষকে।
গাবতলীতে বিভিন্ন কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, লম্বা ছুটির কারণে গত মঙ্গল ও বুধবারই বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়েছেন।
উত্তরবঙ্গগামী রোজিনা এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও অগ্রিম টিকিট ছাড়া হয়েছিলো। তবে মঙ্গল ও বুধবারের টিকিটের চাহিদাই ছিলো সবচেয়ে বেশি। তবে এ দুদিন যারা যেতে পারেননি তারা পরের দিনগুলোতে ফিরছেন।”
লম্বা ছুটি হওয়ায় এ বছর অন্যান্যবারের মতো যাত্রীদের তেমন একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না বলে মনে করেন তিনি।
হানিফ এন্টারপ্রাইজের টিকিট মাস্টার মো. আলাউদ্দিনও প্রায় একই কথা জানিয়ে বলেন, “অন্যান্যবার অগ্রিম টিকিট না পেয়ে অনেকেরই ঘরে ফেরা অনিশ্চিত হয়ে যেতো, তবে এ বছর সেরকমটা হওয়ার সুযোগ নেই।”
এখানে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহবুবুর আলমের সঙ্গে। পরিবার নিয়ে ঈদ করতে রংপুর যাচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মঙ্গল ও বুধবারের টিকিট না পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার ফিরছেন।
ঈদের তিন দিন আগে অগ্রিম টিকিট পাওয়া না গেলেও এবার ঠিকই মিলছে। ব্যবসায়ী লুৎফুল হায়াতের কথায় এ তথ্য যেন আরো জোর পেল। তিনি বলেন, “১৭ অগাস্ট রাতের অগ্রিম টিকিট সংগ্রহ করেছি। বেশির ভাগ মানুষ ইতোমধ্যে রাজধানী ছেড়ে যাওয়ার টিকিট পেতে কোন সমস্যা হয়নি।”
নাবিল এন্টাইরপ্রাইজের প্রতিনিধি মো. সবুজ বলেন, “অন্যান্য ঈদে যাত্রীর চাপ সামলাতে গিয়ে বাসের সূচি এলোমেলা হয়ে যেতো। যার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘন্টা কাউন্টারে বসে থেকে অপেক্ষা করতে হতো। তবে এ বছর ঈদের ছুটি আগে শুরু হওয়ায় যাত্রীদের এখন পর্যন্ত সে ভোগান্তিতে পড়তে হচ্ছে না।”
সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেল একেবারেই অচেনা এক দৃশ্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে একদিকে টার্মিনালে বাস ঢুকতে পারছে না, আর অন্যদিকে যাত্রী সংকটের কারণে অলস সময় কাটাচ্ছেন বিভিন্ন কাউন্টারের কর্মচারীরা।
ঈদের ছুটি শুরু হয়ে গেলেও এবার যাত্রীদের কোনো ভিড় নেই বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো. মন্টু মিয়া। একে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে তিনি বলেন, “সকাল ৮টার দিকে কিছু যাত্রী ছিল, এরপর থেকে একেবারে ফাঁকা। গত কোনো ঈদে আমরা এমন ফাঁকা কাউন্টার দেখিনি।”
ঈদ উপলক্ষে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছিল ১৪ অগাস্ট। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় দূরপাল্লার যাত্রীদের চাপ ওই দিনই সবচেয়ে বেশি ছিলো।
১৫ অগাস্ট বুধবার থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ২১ অগাস্ট। এর মধ্যে জাতীয় শোকদিবস, পবিত্র শবে কদর এবং ঈদের ছুটি রয়েছে।
সায়েদাবাদে ঢাকা-ফেনী রুটের বাস স্টার লিমনের কাউন্টার মাস্টার ইসমাইল বলেন, “অন্যান্যবারের তুলনায় এবারের ঈদে ছুটি অনেক আগে থেকে শুরু হয়েছে। আমারা আশা করেছিলাম এবার অনেক আগে থেকেই যাত্রীদের ভিড় হবে। কিন্তু ভিড় তো দূর, যাত্রীই নাই।”
তবে এর মূল কারণ হিসেবে যানজটকে দায়ী করেছেন একাধিক কাউন্টার কর্মচারী।
ঢাকা-নোয়াখালী রুটের একুশে পরিবহনের কাউন্টার মাস্টার মো. ফয়সাল হোসেন বলেন, “ঢাকা ছাড়ার সময় কাঁচপুর সেতু এবং কুমিল্লার দাউদকান্দি ব্যাপক যানজট থাকায় গাড়ি সময়মত কাউন্টার পৌঁছাতে পারছে না, আবার কাউন্টার ছেড়ে গন্তব্যস্থলেও যেতে পারছে না।”
ফলে অন্যান্য সময় যে দূরত্ব যেতে ২ থেকে আড়াই ঘণ্টা লেগে যেত, সেখানে এখন গড়ে তিন থেকে চার ঘণ্টা সময় বেশি লাগছে বলে জানান তিনি।
যানজটের কারণে এ বছর ঢাকা-চট্টগ্রাম রুটের অনেক যাত্রী ট্রেনমুখী হচ্ছে বলে মনে করেন এস আলম ট্রাভেলসের কাউন্টার মাস্টার জাহাঙ্গীর আলম।
অন্যদিকে বৃহস্পতিবার মধ্যবেলা পর্যন্ত যাত্রীদের চাপ ছিল না রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ঈদ উপলক্ষে বাড়তি কোনো লঞ্চ ছেড়ে যায়নি এদিন।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়া অব্যাহত রয়েছে। এ সময় লঞ্চের ছাদে ওঠে অতিরিক্ত যাত্রী নিয়ে কয়েকটি লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়। যদিও মালিকরা বলছেন, ভাদ্রমাসের গরমের কারণে স্টিল বডির লঞ্চের ভিতর যাত্রী থাকতে পারছেন না, তাই যাত্রীরা ছাদে ওঠছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত অতিরিক্ত যাত্রী নিয়ে সুন্দরবন-৫, সৈকত ২, এমভি মর্ডান সান ও প্রিন্স অব বরিশাল-২ পটুয়াখালী ও বারিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৩৯টি রুটে ৫০টি লঞ্চ ছেড়ে যায় এবং আসে ৪৮টি লঞ্চ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাবি¬উটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে। ফলে পন্টুনে আসামাত্র ১০/১৫ মিনিটের মধ্যে লঞ্চ ভরে যাচ্ছে।
পটুয়াখালী যাওয়ার জন্য বিকাল ৩টা দিকে দুই বাচ্চা নিয়ে অপেক্ষা করছিলেন জোৎ¯œা নামে এক নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পটুয়াখালীর তিনটি লঞ্চ ছেড়ে গেছে আমার চোখের সামনে। কিন্তু সেগুলোর মধ্যে এত যাত্রী ছিলো যে, কোনোটিতেই ওঠার মতো পরিস্থিতি ছিলো না।”
কিন্তু বাংলাদেশ নৌ-চলাচল (মালিক সমিতি) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরমের কারণে যাত্রী ছাদে ও বাহিরে থাকছে। ফলে কম যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে বাধ্য করছে কোস্টগার্ড।
এত কম যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে বাধ্য হলে প্রতিবার যাওয়া ও আসার জন্য তাদের পঞ্চাশ হাজার টাকা লোকসান হবে বলে দাবি করেন তিনি।
অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে কোস্টগার্ডের পেটি অফিসার জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী গরমের কারণে বাহিরে থাকছেন না। লঞ্চের ভিতর ভরার পর যাত্রীরা বাইরে ও ছাদে উঠতে বাধ্য হচ্ছেন। যাত্রী ছাদে উঠতে দেখলেই আমরা লঞ্চ ছাড়তে বাধ্য করছি।”
“বৃহস্পতিবার ভোরে যাত্রী কম ছিলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে, বলেন বিআইডাবি¬উটিএ এর পরিচালক (বন্দর) মো. শফিকুল হক।
সদরঘাট থেকে গত দুই দিন দক্ষিণবঙ্গের ৩৯টি রুটে গড়ে প্রায় ৭০টি লঞ্চ ছেড়ে গেছে।
বিআইডবি¬উটিএ এর ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলায়মান বলেন, অন্য সময় এসব রুটে ৪৫-৫০টি লঞ্চ যাতায়াত করে। শুক্রবার ও শনিবার প্রায় ১০০ লঞ্চ দক্ষিণবঙ্গে ছেড়ে যাবে।
ঈদের এই সময়ে বুধবার বিকালে রাজশাহীর চারঘাটে একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হয়। এজন্য প্রায় ২০ ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল চলাচল বন্ধ থাকে।
ব্যস্ত সময়ে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় রেলের সময়সূচিতে দেখা দেয় বিপর্যয়। রাজধানী ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী প্রায় প্রতিটি ট্রেন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টা করে দেরি করে। ফলে রোজার মধ্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে ইদে ঘরমুখো যাত্রীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসডব্লিউ/কেটি/এমএমআর/এএল/১৯৩০ ঘ.
bdnews24