২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের নতুন ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ভেঙ্গে গঠিত নতুন তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

গাজীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ভেঙ্গে গঠিত নতুন তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম গত ২ অগাস্ট এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসক নিয়োগ অনুমোদন হলে ভোটার তালিকা হালনাগাদ করে ৯০দিনের মধ্যে ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।” সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, গত ২৬ জুলাই ভাওয়াল মির্জাপুর ইউনিয়নকে ভাগ করে মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড় নামে নতুন তিনটি ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশিত হয়। এতে প্রতিটি ইউনিয়নকে ভাগ করা হয়েছে নয়টি ওয়ার্ডে। প্রশাসক নিয়োগের বিষয়টি অনুমোদন পেলে তাদের নিয়ে তিনটি কমিটি গঠন করা হবে। জনগণের মতামত নিয়ে কোন প্রশাসকের অফিস কোথায় হবে- তা নির্ধারণ করা হবে বলে সাবিনা জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে মির্জাপুর ইউনিয়ন পরিষদের জন্য গাজীপুর সদর উপজেলা কৃষিকর্মকর্তা মো. ছাইদুর রহমান, পিরুজালীতে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম তৌহিদুজ্জামান ও ভাওয়াল গড়ে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনছুরুল ইসলামকে প্রশাসক নিয়োগের প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৪১০ ঘ.